আমরা সবাই জানি পর্বতারোহণ খুব ব্যায়বহুল একটা স্পোর্টস। একটা সফল এবং নিরাপদ পর্বতারোহণের জন্য কিছু মৌলিক বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন। এই মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে কি ধরণের পোশাক পরিধান করা উচিত এবং কোন প্রকার এর পোশাক ও বহনীয় বিছানাপত্র নির্বাচন করা উচিত। পোশাক বলতে পায়ের জুতো থেকে শুরু করে মাথার টুপিকেই বোঝানো হচ্ছে যেখানে এগুলো একটু আলাদা বৈশিষ্টের ও ব্যায়বহুল হয়ে থাকে। পর্বতের পারিপার্শ্বিক অবস্থা ও উচ্চতার উপর ভিত্তি করে পোশাক নির্বাচন করা উচিত অন্যথায় জীবনের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভবনা প্রবল হতে পারে। পর্বতারোহণের পোশাক এর দাম নির্ধারণ করা হয়ে থাকে এর টেকসই বা গুণগত মান, কর্মক্ষমতা, আরামদায়ক ও ওজন এর উপর নির্ভর করে। পর্বতারোহণের পোশাক এর মধ্যে ডাউন জ্যাকেট, ডাউন প্যান্ট, ডাউন স্যুট, ডাউন গ্লাভস এবং ডাউন স্লিপিং ব্যাগ খুবই গুরুত্বপূর্ণ কারণ এইগুলো আপনাকে চরম ঠান্ডা আবহাওয়ায় আপনার শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করবে। এই ঠান্ডা আবহাওয়ায় আপনার শরীরের তাপমাত্রা যদি কমে যায় তাহলে আপনার অঙ্গহানি হতে শুরু করে মৃত্যুও হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন একজন পর্বতারোহীর জন্য এই ডাউন এর তৈরী পোশাকগুলো কতটা গুরুত্বপূর্ণ।
ডাউন কি?

ডাউন হচ্ছে এক গুচ্ছ খুব হালকা, নরম এবং তুলতুলে ত্রিমাত্রিক কাঠামো যা অনেকগুলি তন্তু সদৃশ যেটা পাখির পালকসমূহের নিচে (পালকের নীচে তাপ নিরোধকের স্তর হিসেবে কাজ করে) থাকে যা গিজ বা হংসী, হাঁস এবং অন্যান্য জলচর পাখি গুলোকে উষ্ণ এবং শুকনো রাখতে সাহায্য করে। আমরা প্রথম ছবিটি দেখলে বুঝতে পারবো পাখির পালকে একটি শক্ত শল্য বা দাঁড় থাকে কিন্তু ডাউন এ সেটা থাকে না।
স্থিতিস্থাপকতা (আগের অবস্থায় ফিরে আসার গুণাবলী)
কোনো বস্তু সংকুচিত হওয়ার পর পুনরায় আগের অবস্থায় ফিরে আশার ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। ডাউন এর আগের অবস্থায় ফিরে আসার গুণাবলী অন্য যে কোন উপাদানের তুলনায় অনেক বেশি সুতরাং যদি কোন উপাদান তার মূল অবস্থায় ফিরে না আসে তবে এটি সহজেই তার উত্তাপের বা ইন্সুলেশনের ক্ষমতাটি হারাবে, সহজ করে বললে ঘনত্ব সরাসরি ইনসুলেটিং পাওয়ারের সাথে সম্পর্কিত।

ডাউন এর গুণগত মান (কোয়ালিটি)
উচ্চমানের ডাউন একটি বৃহত্তর স্থান পূরণ করে এবং একই ওজনের নিম্ন মানের ডাউনের চেয়ে বেশি অন্তরক শক্তি রয়েছে। ছোট ডাউন ক্লাস্টারে পূরণ করার শক্তি (ফিল পাওয়ার ) কম থাকে এবং দুই বা তিন বছর পরে ধসে পড়ার ঝোঁক থাকে, কারণ ফিলামেন্টগুলি ছোট এবং ভঙ্গুর হয়।
ডাউন ফিল পাওয়ার (পূরণ বা দখল করার শক্তি)
ফিল পাওয়ার হলো কিউবিক ইঞ্চির সংখ্যা অর্থাৎ তাপমাত্রা, আদ্রতা এবং ভার বা ওজন এর নির্দিষ্ট শর্তসাপেক্ষে এক আউন্স ডাউন কত কিউবিক ইঞ্চি জায়গাদখল বা পূরণ করতে পারে সেটাকেই বোঝায়। মূলত, একটি পাখি যত বেশি পরিণত হয় তার ডাউন এর গুচ্ছ বা ক্লাস্টার তত বড় হয় এবং তত বেশি ফিল পাওয়ার থাকে। এখানে চতুর্থ ছবিটিতে ডাউন এর পূরণ করার শক্তি (ফিল পাওয়ার= লফ্ট= জায়গা দখল বা পূরণ) দেখানো হয়েছে যেখানে, বিভিন্ন মানের (কোয়ালিটি) সমপরিমাণ (১ আউন্স = ২৮.৩৫ গ্রাম) ডাউন টিউব গুলোতে রাখা হয়েছে। বাম দিক থেকে প্রথম টিউবটিতে যেখানে ১ আউন্স সাধারণ মানের ডাউন ৩০০ কিউবিক ইঞ্চি দখল করে বা পূরণ করে সেখানে ডান দিকের শেষ টিউবটিতে সমপরিমাণ ১ আউন্স উন্নত মানের ডাউন ৮০০ কিউবিক ইঞ্চি দখল করে বা পূরণ করে. সুতরাং একটি সাধারণ মানের ডাউন এর পোশাকের চাইতে সমপরিমানে ডাউন দিয়ে তৈরী একটি উন্নত মানের ডাউন এর পোশাকের তাপ নিরোধক ক্ষমতা বেশি হয়ে থাকে এবং ওজনে হালকা হয় ।
ডাউন ফিল ওয়েট (একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট যে তথ্যটা আমরা খুব কমই খুঁজে পাই)

একটি ৩০গ্রাম ডাউন দিয়ে পূরণ করা ৯০০-ফিল-পাওয়ার ডাউন এর পোশাকটি, একটি ১০০ গ্রাম ডাউন দিয়ে পূরণ করা 450-ফিল-পাওয়ার পোশাকের চেয়ে উষ্ণতা কম দিবে। তত্ত্বের ক্ষেত্রে, ৫০ গ্রাম ডাউন দিয়ে তৈরী ৯০০-ফিল-পাওয়ার ডাউন এর পোশাকটি ১০০ গ্রাম ডাউন দিয়ে তৈরী ৪৫০-ফিল-পাওয়ার ডাউনের এর সমান উষ্ণতা প্রদান করবে; এক্ষেত্রে ৫০ গ্রাম ডাউন দিয়ে তৈরী পোশাকটি অবশ্যই ১০০ গ্রাম ডাউন দিয়ে তৈরী পোশাকটির থেকে বেশি সংকুচিত হবে। সুতরাং উষ্ণতা তখনই সমান হারে প্রদান করবে যখন ডাউন ফিল ওয়েট এবং ডাউন ফিল পাওয়ার বিপরীত সমানুপাত হারে বজায় থাকবে। যদিও বেশির ভাগ পোশাক প্রস্তুতকারক কোম্পানিগুলো ডাউন ফিল ওয়েট কে প্রদর্শন না করে ডাউন ফিল পাওয়ারকে প্রদর্শন করে যার জন্য একটি পাতলা ৯০০ ফিল পাওয়ার পোশাক এবং একটি ফোলা ফাঁপা ৯০০ ফিল পাওয়ার পোশাকের মধ্যকার যেই পার্থক্যটি সেটা ক্রেতার মাঝে একটি বিভ্রান্তির জন্ম দেয়। এই ফিল পাওয়ার এবং ফিল ওয়েট এর অনুপাত পর্বতের উচ্চতা ও পারিপার্শিক তাপমাত্রার উপর নির্ভর করে ডাউন এর প্রোডাক্ট গুলো তৈরী করা হয়।
ডাউন এবং ফেদার এর অনুপাত
স্বর্ণে খাঁদ না থাকলে সেই স্বর্ণ দিয়ে যেমন ভালো অলংকার বানানো যায় না ঠিক তেমনি ডাউন এর তৈরী প্রোডাক্টগুলো সাধারণত ডাউন এবং ফেদার এর সংমিশ্রনে তৈরী করা হয়ে থাকে। প্রোডাক্টগুলোর ট্যাগ এ ৭০%, ৮০%, ৯০% অথবা ৭০/৩০, ৮০/২০,৯০/১০ উল্লেখ করা থাকে যার মানে প্রোডাক্টগুলো ৭০ ভাগ ডাউন এবং ৩০ ভাগ ফেদার এর সংমিশ্রনে তৈরী করা হয়েছে। এক্ষেত্রে ৭০% এর চাইতে ৯০% এর ডাউনের তৈরী প্রোডাক্টটি বেশি কম্পেক্ট এবং নিরোধকের কাজ করবে।
পরিশেষে বলা যায়, বেশি ডাউন ফিল পাওয়ার ও ভালমানের ডাউন বেশি কম্পেক্ট হয় অন্যদিকে বেশি ডাউন ফিল পাওয়ার এবং বেশি ডাউন ফিল ওয়েট এর সংমিশ্রণ সর্বাধিক উষ্ণতা নিশ্চিত করে। মনে রাখবেন, ডাউন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বিশেষত ফিলিং পাওয়ার, ডাউন ওয়েট এবং পালকের অনুপাতের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।
প্রিমিয়াম ফিল পাওয়ার ডাউন এর তৈরী প্রোডাক্টের দাম বেশি হয় কারণ এই ধরণের প্রোডাক্টগুলো ওজনে খুবই হালকা হয় এবং কম্পেক্ট হয়. সুতরাং আপনি যদি আপনার ব্যাগপ্যাক এর ওয়েট এবং স্পেস দুটোই কমাতে চান সেক্ষেত্রে ৯০০- ফিল এর ডাউন এর তৈরী প্রোডাক্ট কেনাটাই বিবেচ্য হবে।
সর্বোপরি, ঠান্ডা আবহাওয়াকে মোকাবেলা করার জন্য অবশ্যই আপনাকে আরামদায়ক এবং ভালো মানের পোশাক কিনতে হবে। আশা করি এই লিখাটি ডাউন এর প্রোডাক্ট কেনার সময় আপনি যে সমস্ত সংখ্যা বা পার্থক্য দেখতে পাবেন তা সহজেই উপলব্ধি করে আপনাকে ডাউন এর প্রোডাক্ট কিনতে সহায়তা করবে।



Very informative writing. It will help us about the mountaineering cloths. Author has mentioned every point flawlessly.